গাজা উপত্যকার মধ্যাঞ্চলে শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে। নিহত কমান্ডারের নাম হামাম ঈদ। তিনি হামাসের ড্রোন নির্মাণ ও কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন।
রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অভিযোগ করেছে যে, হামাম ঈদ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামাসের বিমান সংক্রান্ত ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পুনর্বাসনের চেষ্টা করছিলেন।
গত অক্টোবর মাসে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজার থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের অস্ত্র সমর্পণের শর্ত ছিল। তবে এই চুক্তির বাস্তবায়ন অনেকাংশেই স্থবির হয়ে রয়েছে।
গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিন অভিযান চালিয়ে নিজেদের সামরিক নিয়ন্ত্রণ বাড়িয়ে চলেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অক্টোবরের চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১,০০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।