শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রীর পক্ষে হাইকোর্টে আইনি লড়াইয়ের জন্য স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান।
বৃহস্পতিবার (২৫ জুন) এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া। তিনি জানান, কিছু প্রক্রিয়া বাকি রয়েছে এবং সেগুলো সম্পন্ন হলেই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হবে।
আইনজীবী হাফিজুর রহমান খান জানিয়েছেন, রামিসা হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া রায়ের নথিপত্র পর্যালোচনা করে আসামির পক্ষে আইনি লড়াই করবেন।
এর আগে, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন।
গত ৭ জুন, রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ের পর দুই আসামিকে কনডেম সেলে পাঠানো হয় এবং তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।