রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। বুধবার (২৯ জুলাই) দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিন প্যানেলের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, "গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।"
ফেসবুক পোস্টে অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ জানানো হয়। একই সাথে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়ে বলা হয়, "দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। নতুন কোনো আপডেট পাওয়ামাত্র তা অফিশিয়াল পেজে জানিয়ে দেয়া হবে।"
মেঘলা মুক্তা তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ঢাকাই সিনেমায়ও তার অভিনয় প্রশংসিত হয়েছে। ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ সিনেমায় তার কাজ উল্লেখযোগ্য। সম্প্রতি ‘চক্র ২’ ওয়েব সিরিজের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি।