চলচ্চিত্র নির্মাতা স্যার ক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘দ্য ওডিসি’ বক্স অফিসে সাফল্য অর্জন করেছে এবং সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। তবে, এমিলি উইলসন, যিনি ২০১৭ সালে হোমারের মহাকাব্য ‘ওডিসি’র ইংরেজি অনুবাদ করেছেন, সিনেমাটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
উইলসন একটি তীব্র সমালোচনামূলক রিভিউ লিখেছেন, যেখানে তিনি সিনেমাটির চিত্রনাট্যকে নিম্নমানের হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ‘এই চিত্রনাট্যের যেকোনো একটি অংশ নিজের লেখা বলে পরিচয় দিতেও আমার লজ্জা বোধ হচ্ছে।’
তিনি সিনেমাটির গল্প বলার কৌশলকে সস্তা চটকদার বলে উল্লেখ করেছেন এবং বলেন, ‘চিত্রনাট্যের মান অত্যন্ত নিম্নমানের। ছবির চরিত্রগুলোর কথাবার্তা বা আচরণের পেছনে কোনো বিশ্বাসযোগ্য কারণ নেই।’
উইলসন বলেন, সিনেমাটিতে মনস্তাত্ত্বিক, আবেগীয়, রাজনৈতিক বা নৈতিক গভীরতার অভাব রয়েছে। তবে, তিনি স্বীকার করেছেন যে নোলানের কাজ হোমারের মূল মহাকাব্যের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ফেরাতে সাহায্য করেছে।
তিনি বলেন, ‘দ্য ওডিসি মুক্তি পাওয়াটা আনন্দের একটি ঘটনা। আমার অনূদিত বইসহ ওডিসির অন্যান্য অনুবাদ হু হু করে বিক্রি হচ্ছে।’
নোলান সিনেমার প্রচারে এম্পায়ারকে জানান, উইলসনের অনুবাদের প্রথম লাইন অনুসরণ করেই তিনি মূল চরিত্র অডেসিয়াসের ব্যক্তিত্ব গড়ে তুলেছেন। সিনেমাটিতে অডেসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন।
উইলসনের সমালোচনার বিপরীত চিত্র দেখা গেছে চলচ্চিত্র সমালোচকদের মূল্যায়নে। আন্তর্জাতিক অধিকাংশ ফিল্ম ক্রিটিক সিনেমাটিকে ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন। দ্য টেলিগ্রাফ সিনেমাটিকে ‘বছরের সেরা ছবি’ হিসেবে আখ্যা দিয়েছে।
চলতি মাসের শুরুতে মুক্তি পাওয়া ‘দ্য ওডিসি’ সিনেমায় অভিনয় করেছেন ম্যাট ডেমন, জেনডায়া, টম হোল্যান্ড, রবার্ট প্যাটিনসন, অ্যান হ্যাথাওয়ে, শার্লিজ থেরন এবং লুপিতা নিওঙ্গো। সিনেমাটিতে গ্রিক রাজা অডেসিয়াসের নিজের রাজ্য ইথাকায় ফেরার দীর্ঘ ও বিপজ্জনক সফরের গল্প তুলে ধরা হয়েছে।