হলিউডের খ্যাতনামা পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশেও ছবিটি স্টার সিনেপ্লেক্স ও ব্লকব্লাস্টার সিনেমাসে প্রদর্শিত হবে।
গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্র গ্রিক বীর ওডিসিউস। ট্রোজান যুদ্ধ শেষে ঘরে ফেরার পথে নানা বাধার সম্মুখীন হয়ে প্রায় ২০ বছর পর নিজ রাজ্য ইথাকায় ফেরার সংগ্রামই ছবির মূল কাহিনী।
ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ম্যাট ডেমন। তাঁর ছেলে টেলেম্যাকাস চরিত্রে টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপ চরিত্রে অ্যান হ্যাথাওয়ে অভিনয় করেছেন। ছবিতে আরও রয়েছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথাল।
নোলান জানিয়েছেন, ‘দ্য ওডিসি’ তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ও উচ্চাভিলাষী প্রকল্প। ছবিটির শুটিং মরক্কো, গ্রিস, ইতালি ও আইসল্যান্ডসহ বিভিন্ন স্থানে হয়েছে, যেখানে বিশাল যুদ্ধের দৃশ্য ও অ্যাকশন সিকোয়েন্স নির্মাণে মাসের পর মাস পরিকল্পনা করা হয়েছে।
টম হল্যান্ড মরক্কোর সেটে গিয়ে অনুভব করেন যে, তিনি যেন ইতিহাসের এক অধ্যায়ে প্রবেশ করেছেন। ম্যাট ডেমন বলেন, ট্রয়ের পতনের দৃশ্যের বিশাল আয়োজন তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বিরল অভিজ্ঞতা।
প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি বিশেষ, কারণ এটি নোলানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। দর্শকদের সর্বোচ্চ অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’, যা নতুন এক সিনেমাটিক মাইলফলক হতে পারে।