বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

ফজলুর রহমান বাবুর অভিনয়ে মুক্তি পাচ্ছে 'মাস্তুল'

ফজলুর রহমান বাবুর অভিনীত 'মাস্তুল' সিনেমাটি শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে।

ফজলুর রহমান বাবুর অভিনয়ে মুক্তি পাচ্ছে 'মাস্তুল'

চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত চলচ্চিত্র 'মাস্তুল' শুক্রবার (১৭ জুলাই) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

ধানমণ্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে বুধবার (১৪ জুলাই) সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সিনেমায় বাবুর কোনো সংলাপ নেই, তবে নিখুঁত অভিনয় ও ভাব-অভিব্যক্তিতে তিনি চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন।

চলচ্চিত্রটির মূল কাহিনী আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার এক পথশিশু নূরাকে ঘিরে। তাদের মনস্তাত্ত্বিক সম্পর্কের সমীকরণে নদী বন্দরের প্রান্তিক মানুষের জীবনযাত্রা, একাকীত্ব, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বেঁচে থাকার লড়াই ফুটে উঠেছে।

'মকবুল' চরিত্রে অভিনয় করা বাবু বলেন, 'অভিনয় আসলে শুধু সংলাপ নয়, এটি অ্যাকশন ও রিঅ্যাকশন। আমার চরিত্রটির জার্নি বা গ্রাফটা কেমন, সেটাই মূল বিষয়।'

তিনি দর্শকদের সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে বলেন, 'আপনারা সিনেমাটি দেখুন, পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার অনুরোধ করছি। সিনেমাটি দেখে একটি গল্প নিয়ে ফিরবেন।'

চলচ্চিত্রটিতে ফজলুর রহমান বাবুর পাশাপাশি অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যাসহ অনেকে।

নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান জানান, 'আমার কাস্টিং ফিলোসফি খুবই সিম্পল। আমার কল্পনার চরিত্রটির সাথে সামনে থাকা একজন রক্ত-মাংসের মানুষের অবয়ব যখন মিলে যায়, তখন তাঁকেই কাস্ট করি।'

তিনি বলেন, 'আমি যে সিনেমা দেখতে চাই, সেটাই বানাতে চাই। আমি বিশ্বাস করি, এই ধরনের সিনেমা দেখার মতো একটি দর্শকশ্রেণী বাংলাদেশে আছে।'

বুধবারের প্রদর্শনীতে দেশের শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রাঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিচালক মসিহউদ্দিন শাকের সিনেমাটির প্রশংসা করে বলেন, 'পুরো সিনেমাটি আমার বেশ ভালো লেগেছে।'

গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'স্পেশাল মেনশন' পুরস্কার পায় মাস্তুল। এরপর একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমাকার প্রযোজিত এই চলচ্চিত্রের ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারে যুক্ত রয়েছে 'টঙঘর টকিজ'। সিনেমাটোগ্রাফি করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।

বিজ্ঞাপন