মালায়ালাম অভিনেতা ফাহাদ ফাসিল সম্প্রতি আলোচনায় এসেছেন টম ক্রুজ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশের পর।
অস্কারজয়ী নির্মাতা আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর একটি ছবিতে কাজের সুযোগ পেয়েও তা গ্রহণ করেননি বলে জানিয়েছেন ফাহাদ। চলচ্চিত্র সমালোচক মনীশ নারায়ণনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রথমে তিনি ভেবেছিলেন অডিশনে বাদ পড়েছেন। পরে জানতে পারেন, আসল বাধা ছিল তার ইংরেজি উচ্চারণ।
ফাহাদ বলেন, চরিত্রটির জন্য তাকে তিন থেকে চার মাস যুক্তরাষ্ট্রে থেকে উচ্চারণের প্রশিক্ষণ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই সময়ের জন্য কোনো পারিশ্রমিকের ব্যবস্থা ছিল না, তাই তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি।
তিনি আরও জানান, পরিচালক আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর সঙ্গে তার ভিডিও কলে কথাও হয়েছিল। তবে পরিচালকের মনে হয়েছিল, নির্দিষ্ট চরিত্রটির জন্য তিনি আদর্শ পছন্দ নন।
ফাহাদ বলেন, 'আমার ক্যারিয়ারের সবচেয়ে জাদুকরী মুহূর্তগুলো এসেছে মালায়ালাম সিনেমা থেকেই। তাই কোনো আফসোস নেই।'
যদিও ফাহাদ কোন সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন, সেটি স্পষ্ট করেননি। তবে ‘ডিগার’-এর ট্রেলার ঘিরে ধারণা করা হচ্ছে, টম ক্রুজের ছবির একটি চরিত্রের জন্য তাকে বিবেচনা করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন রয়েছে, সেই চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। তবে নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
‘ডিগার’-এ টম ক্রুজের পাশাপাশি অভিনয় করেছেন জেসি প্লেমন্স, সান্দ্রা হুলার, রিজ আহমেদ ও জন গুডম্যান। ছবিটি আগামী অক্টোবরে মুক্তির কথা রয়েছে। অন্যদিকে, ফাহাদ ফাসিলকে দেখা যাবে আলতাফ সেলিম পরিচালিত রোমান্টিক-কমেডি ‘ওডুম কুথিরা চাডুম কুথিরা’-তে, যা আগামী ২৯ আগস্ট মুক্তি পাবে।