বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

সোহুম শাহের ‘তুম্বাড ২’-এ আলিয়া ভাটের চমকপ্রদ এন্ট্রি

সোহুম শাহের ‘তুম্বাড ২’-এ আলিয়া ভাটের এন্ট্রি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।

সোহুম শাহের ‘তুম্বাড ২’-এ আলিয়া ভাটের চমকপ্রদ এন্ট্রি

বলিউডের জনপ্রিয় হরর-ফ্যান্টাসি সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটেছে। অভিনেতা ও প্রযোজক সোহুম শাহ নিশ্চিত করেছেন যে, বহুল প্রতীক্ষিত ‘তুম্বাড ২’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন সোহুম শাহ। ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। ‘তুম্বাড ২’-এ তোমাকে স্বাগত, আলিয়া ভাট।’ এই ঘোষণার পর ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

আলিয়া ভাটও নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি জানান, প্রথমবার ‘তুম্বাড’ দেখার পর সিনেমাটি তার মনে গভীর ছাপ ফেলেছিল। তিনি বলেন, ‘খুব কম চলচ্চিত্রই এমন একটি রহস্যময় ও মৌলিক জগৎ তৈরি করতে পারে, যা দর্শকের মনে দীর্ঘদিন ধরে থাকে।’

নির্মাতাদের দাবি, ‘তুম্বাড ২’ শুধু প্রথম সিনেমার গল্পকে এগিয়ে নেবে না, বরং রহস্যময় ‘হাস্তার’-এর অন্ধকার জগতকে আরও বিস্তৃতভাবে দর্শকদের সামনে তুলে ধরবে। এটি আলিয়া ভাটের জন্য প্রথম পূর্ণাঙ্গ হরর ঘরানার সিনেমা।

এছাড়াও, নির্মাতারা নিশ্চিত করেছেন যে, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ফলে সোহুম শাহ, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও আলিয়া ভাট—এই তিন তারকাকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘তুম্বাড’ শুরুতে বক্স অফিসে খুব বেশি সাফল্য না পেলেও, সময়ের সঙ্গে এটি দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করে। পরে পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও দর্শকদের ব্যাপক সাড়া পায়। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ‘তুম্বাড ২’, যা ২০২৭ সালের ৩ ডিসেম্বর মুক্তির লক্ষ্যে এগোচ্ছে।

বিজ্ঞাপন