অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসিপুর ২’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ওই ছবির মুক্তির পর তার কাছে অন্তত ২০০টি ছবির স্ক্রিপ্ট এসেছিল। তবে তিনি তাড়াহুড়ো না করে সঠিক চরিত্রের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন এবং স্ক্রিপ্টগুলোর একটিও গ্রহণ করেননি।
নওয়াজউদ্দিন বলেন, “গ্যাংস অফ ওয়াসিপুর ২”-এর মুক্তির পর তার টেবিলে ব্ল্যাঙ্ক চেক পড়ে থাকত। লোকেরা বলত, 'এই নিন স্ক্রিপ্ট, আর এই নিন ব্ল্যাঙ্ক চেক। আপনার ইচ্ছামতো অঙ্ক লিখে নিন এবং আপনার সুবিধাজনক ডেটগুলো আমাদের দিয়ে দিন।' তিনি সিদ্ধান্ত নেন যে সঠিক চরিত্রটির জন্য অপেক্ষা করা ভালো।”
তিনি আরও বলেন, “আমি ওই স্ক্রিপ্টগুলোর একটিও নেইনি, কারণ সেগুলোর একটাও আমার পছন্দ হয়নি। বছরের পর বছর কাজের জন্য অপেক্ষা করার অভ্যাস আমার আগে থেকেই ছিল।”
‘গ্যাংস অফ ওয়াসিপুর ২’ সিনেমায় নওয়াজউদ্দিন ফয়সাল খান চরিত্রে অভিনয় করেছিলেন। গল্পের শুরুতে তাকে উদাসীন ও লক্ষ্যহীন তরুণ হিসেবে উপস্থাপন করা হলেও, পরবর্তীতে তিনি একজন নৃশংস গ্যাংস্টারে রূপান্তরিত হন। ছবিটি ২০১২ সালে মুক্তি পায় এবং এর চিত্রনাট্য ও অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা লাভ করে।
সর্বশেষ, নওয়াজউদ্দিনকে ‘মেইন অ্যাক্টর নহি হুন’ সিনেমায় দেখা গিয়েছিল। যদিও ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়, তবে তিনি খুব শীঘ্রই ‘তুম্বাড ২’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।
‘তুম্বাড ২’ সিনেমাটি ২০১৮ সালের অরিজিনাল ছবির তুলনায় অনেক বড় পরিসরে নির্মিত হচ্ছে। মুম্বাইতে বিশাল একটি সেট নির্মাণ করা হয়েছে, যেখানে ছবির প্রথম ধাপের শুটিংয়ের কাজ চলছে। ছবিটির বাজেট প্রায় ১০০ কোটি রুপি এবং এটি ২০২৭ সালের ৩ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে।