দেশের মিডিয়াঙ্গনের গুণী ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের মিলনমেলা ‘চরকি অ্যাওয়ার্ডস’ আজ রাত ৮টায় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সম্প্রচারিত হবে। এই আয়োজনটি ৩ জুলাই অনুষ্ঠিত ‘সেনসেশন চরকি কার্নিভাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ থেকে নেওয়া হয়েছে।
আয়োজনটিতে ছিল অভিনয়ের মাস্টার ক্লাস, প্যানেল ডিসকাশন এবং অ্যাওয়ার্ড প্রদান। এবার দর্শকদের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি তারকাদের রেড কার্পেট, ফ্যাশন, সাক্ষাৎকার এবং অ্যাওয়ার্ড জয়ের আনন্দের মুহূর্তগুলো তুলে ধরবে।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি জানান, “সবার অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। কনটেন্টটিকে আমরা এমনভাবে উপস্থাপন করতে চেয়েছি যেন দর্শকরা সবাই মিলে উপভোগ করতে পারেন।”
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন সালাহউদ্দিন লাভলু, অমিতাভ রেজা চৌধুরী এবং শহীদুজ্জামান সেলিম। এবারের পুরস্কার ২০২৩ ও ২০২৪ সালের জন্য সাবস্ক্রাইবার চয়েস ও সমালোচক বিভাগে ২৩টি ক্যাটাগরিতে প্রদান করা হয়েছে।
বিশেষ সম্মাননা প্রদান করা হয় প্রয়াত অভিনেত্রী-লেখক কারিনা কায়সারকে। সম্মাননা তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আয়োজনে গুণী অভিনেতা তারিক আনাম খানের মাস্টারক্লাস এবং প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেন মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব ও নুহাশ হুমায়ূন।
চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, এই আয়োজনে ব্যবহৃত কনটেন্টগুলো শিগগিরই দর্শকদের জন্য প্রকাশ করা হবে।