ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি।
গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল, হ্যারিস ডিকিনসন, জ্যাকব এলর্ডি, জ্যাক লোডেন, জেমস নর্টন ও জ্যাক ও’কনেল। তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছেন মঞ্চ অভিনেতা টম ফ্রান্সিস এবং ‘গ্ল্যাডিয়েটর টু’ তারকা পল মেসকাল।
বর্তমানে পুরো জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ অ্যামাজন এমজিএম স্টুডিওসের হাতে। মে মাসে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, নতুন বন্ড নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এ বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি।
বিনোদন সাংবাদিক ড্যানিয়েল রিচম্যান জানিয়েছেন, বন্ড নির্বাচনের প্রক্রিয়া এখন শেষ ধাপের দিকে এগিয়েছে। সাংবাদিক জেফ স্নাইডারের দাবি, শেষ পর্যন্ত যিনি বন্ড চরিত্রে নির্বাচিত হবেন, তিনি বর্তমান আলোচিত প্রার্থীদের তালিকায় নাও থাকতে পারেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বন্ডের অডিশন হতে পারে আগের ধারার মতোই। অতীতে অডিশনের জন্য ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ সিনেমার একটি দৃশ্য ব্যবহার করা হয়েছে।
নতুন বন্ডের নাম ঘোষণা করা হতে পারে অ্যামাজনের মালিকানাধীন প্রাইম ভিডিওতে। আগামী ৫ অক্টোবর ‘গ্লোবাল জেমস বন্ড ডে’কে সম্ভাব্য ঘোষণার দিন হিসেবে ধরে নিয়েছেন ভক্তরা।
নতুন সিনেমার গল্প ও নির্মাণ নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ‘পিকি ব্লাইন্ডার্স’ নির্মাতা স্টিভেন নাইট লিখছেন চিত্রনাট্য। সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’খ্যাত নির্মাতা ডেনিস ভিলনুভ। ধারণা করা হচ্ছে, নতুন সিনেমাটি ২০২৮ সালে মুক্তি পেতে পারে।