শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

ফিলিস্তিনিদের ওপর নজরদারি করছে অ্যামাজন-গুগল-মাইক্রোসফট

ফিলিস্তিনিদের ওপর নজরদারি করতে ইসরায়েল অ্যামাজন, গুগল ও মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করছে।

ফিলিস্তিনিদের ওপর নজরদারি করছে অ্যামাজন-গুগল-মাইক্রোসফট

ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং সামরিক হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সহায়তা নিচ্ছে ইসরায়েল। মানবাধিকারকর্মী ও বিশ্লেষকদের অভিযোগ, অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, প্যালান্টির ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী লাখ লাখ ফিলিস্তিনির ছবি সংরক্ষণে অ্যামাজনের ক্লাউড ব্যবহার করছে। অধিকারকর্মীরা দাবি করেছেন, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারির জন্য এসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

২০২৪ সালের জানুয়ারিতে প্যালান্টির ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে। মাইক্রোসফটের আজুর ক্লাউডে ফিলিস্তিনিদের ফোনে আড়ি পেতে সংগ্রহ করা কথোপকথনের রেকর্ড সংরক্ষণের অভিযোগ উঠেছে। এসব তথ্য সামরিক হামলার টার্গেট নির্ধারণে ব্যবহৃত হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।

গুগল ও অ্যামাজন ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় ইসরায়েলি সামরিক বাহিনীকে ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তির সুবিধা দিচ্ছে। ডিজিটাল ও সামাজিক অধিকার নিয়ে কাজ করা সংস্থা সেভেনআমলেহর জালাল আবুখাতের জানান, ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনের প্রায় সবকিছুই নজরদারির আওতায় এসেছে।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজ ২০২৫ সালের জুলাইয়ে জানান, প্যালান্টির ইসরায়েলি বাহিনীকে অপরাধ সংঘটনের পূর্বাভাসভিত্তিক পুলিশি প্রযুক্তি ও এআই প্ল্যাটফর্ম সরবরাহ করেছে। তবে প্রতিষ্ঠানটি যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রযুক্তির ব্যবহার ইসরায়েলের সামরিক কার্যক্রমে সীমাবদ্ধ নয়। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিট ৮২০০-এর সাবেক সদস্যদের সঙ্গে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সম্পর্কও গুরুত্বপূর্ণ। ড্রপ সাইট নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রায় ১ হাজার ৪০০ সাবেক ও বর্তমান সদস্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোয় কাজ করছেন।

ফাঁস হওয়া নথি অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী ২০২৩ সালের আগস্ট থেকে ওপেনএআইয়ের জিপিটি-৪ ব্যবহারের সুযোগ কিনতে শুরু করে। গাজায় যুদ্ধ শুরুর পর এর ব্যবহার ২০ গুণ বেড়ে যায়। ওপেনএআই জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কোনো চুক্তি নেই।

ফিলিস্তিনি অধিকারকর্মী আবুখাতের দাবি করেছেন, নজরদারির মাধ্যমে ফিলিস্তিনিদের চলাচল, অবস্থান ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ তদন্ত করছে এবং প্রয়োজনীয় তদারকি ব্যবস্থা জোরদার করেছে।

অ্যামাজন গ্রাহকদের গোপনীয়তার কারণে তাদের কার্যক্রম নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে প্যালান্টির, গুগল, এনভিডিয়া ও ইসরায়েলের সামরিক বাহিনী আল জাজিরার মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বিশ্লেষকদের মতে, এসব প্রযুক্তির মাধ্যমে ইসরায়েলের সামরিক সক্ষমতা ও নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে, ফলে ফিলিস্তিনিদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে চলাচল ও যোগাযোগ সবকিছু নজরদারির আওতায় আসছে।

বিজ্ঞাপন