হুইলচেয়ারে বসে চলাফেরা করতে হয় আয়া কাজিকে। ২০১১ সালে মাল্টিপল স্ক্লেরোসিসে (এমএস) আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে তার স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে ওঠে। ২০২২ সালে হাঁটার সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেন ৩৯ বছর বয়সী এই জাপানি নারী। শারীরিক সীমাবদ্ধতার কারণে চাকরি ছাড়তে বাধ্য হন তিনি।
বর্তমানে, আয়া টোকিও'র ঐতিহাসিক নিহনবাশি এলাকায় পর্যটকদের ঘুরিয়ে দেখাচ্ছেন, স্থানীয় ঐতিহ্য ও কারুশিল্পের গল্প জানাচ্ছেন। তিনি এ কাজটি করছেন মাত্র ৯ ইঞ্চি উচ্চতার একটি রোবটের মাধ্যমে। রোবটটি পরিচালনা করে, আয়া দূর থেকে পর্যটকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন।
আয়া বলেন, ‘হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে জাপানের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো আমার জন্য বেশ কঠিন।’ তার শারীরিক অবস্থার কারণে চাকরি ছাড়তে বাধ্য হওয়ায়, তিনি জাপান সরকারের প্রতিবন্ধী ভাতার ওপর নির্ভর করতে শুরু করেন।
২০২৪ সালে, ‘ওরিল্যাব’ নামের একটি জাপানি রোবট নির্মাতা প্রতিষ্ঠানের কথা জানতে পারেন আয়া। প্রতিষ্ঠানটি এমন প্রযুক্তি তৈরি করে, যার মাধ্যমে চলাফেরায় সীমাবদ্ধতা থাকা ব্যক্তিরা বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত হতে পারেন। এটি আয়ার জন্য নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তৈরি করেছে।
রোবট নির্মাণের ভাবনা নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কেনতারো ‘ওরি’ ইয়োশিফুজি। তিনি জানান, শৈশবে শারীরিকভাবে দুর্বলতার কারণে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই তিনি রোবট তৈরির দিকে আগ্রহী হন।
২০১২ সালে ইয়োশিফুজি, আকি ইউকি ও ইয়োশিফুমি শিবা মিলে ওরিল্যাব প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির প্রথম রোবট ছিল ‘ওরিহিমে’, যা বর্তমানে আরও উন্নত সংস্করণে এসে পৌঁছেছে। রোবটটিতে রয়েছে এইচডি ক্যামেরা, স্পিকার, মাইক্রোফোন এবং নড়াচড়া করতে সক্ষম হাত ও মাথা।
এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি কয়েকশ' রোবট বিক্রি করেছে। ছোট রোবটগুলোর দাম প্রায় ৪ হাজার ৫শ' ডলার, আর বড় রোবটগুলোর দাম প্রায় ২০ হাজার ইউরো। ইয়োশিফুজি মনে করেন, রোবটগুলোর সক্ষমতা তুলে ধরার সবচেয়ে ভালো উপায় হলো এমন পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ সহজে যোগাযোগ করতে পারে।