মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

ইরানে গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাতের শাস্তি

ইরানে হিজাব না পরে গান গাওয়ায় গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।

ইরানে গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাতের শাস্তি

ইরানে বাধ্যতামূলক হিজাব না পরে সংগীত পরিবেশন করায় জনপ্রিয় গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করেছে দেশটির কর্তৃপক্ষ। একই ঘটনায় তার ব্যান্ড ও প্রযোজনা দলের আরও চার সদস্যকেও একই শাস্তি দেওয়া হয়েছে। আইনজীবীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আহমাদিসহ পাঁচজনকে ইরানের কোম শহরে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়। তাদের মধ্যে রয়েছেন তিনজন সংগীতশিল্পী ও একজন প্রযোজক। সোমবার (২৩ নভেম্বর) বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আইনজীবী দলের এক সদস্য।

২০২৪ সালের ডিসেম্বরে, হিজাব ছাড়াই একটি সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছিলেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। ওই অনুষ্ঠানে তার পরনে ছিল হাতাকাটার পোশাক। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারও করা হয়েছিল।

ইরানের আইন অনুযায়ী, নারীদের জনসমক্ষে সংগীত পরিবেশনে নিষেধাজ্ঞা রয়েছে। নারীদের হিজাব পরা ও শালীন পোশাক পরা বাধ্যতামূলক। এ ঘটনায়, চলতি বছরের জুনে, কোমের একটি ফৌজদারি আদালত আহমাদিসহ আরও আটজনকে দোষী সাব্যস্ত করে। তাদের বিরুদ্ধে ‘জনশালীনতা ক্ষুণ্ন’ এবং ‘অশ্লীল ও অশালীন বিষয়বস্তু প্রকাশের’ অভিযোগ আনা হয়েছিল।

অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেন। আদালত তাদের প্রত্যেককে ৭৪ বার বেত্রাঘাতের পাশাপাশি দুই বছরের জন্য অডিওভিজ্যুয়াল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। গত সেপ্টেম্বরের শেষ দিকে আপিল আদালতও তাদের আবেদন খারিজ করে আগের সাজা বহাল রাখে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এই রায়ের বিরুদ্ধে ইরানের শিল্পী ও মানবাধিকারকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দেয়। তাদের মতে, বেত্রাঘাত নিষ্ঠুর, অমানবিক ও মর্যাদাহানিকর শাস্তি। একই সঙ্গে এটি নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞারও লঙ্ঘন।

বিবিসিকে এক আইনজীবী জানান, সাজা বাতিল কিংবা অন্তত কমানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। বরং দ্রুত সাজা কার্যকরের ওপর জোর দেয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের (সিএইচআরআই) অ্যাডভোকেসি পরিচালক বাহার গান্ধারি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তার মতে, নিজের পছন্দমতো পোশাক পরে গান গাওয়ার কারণে পারাস্তু আহমাদিকে বেত্রাঘাত করা তার মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন।

২০২২ সালের সেপ্টেম্বরে, তেহরানে নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ঘটনার প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন হাজারো নারী ও পুরুষ।

পারাস্তু আহমাদির বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা ইরানে নারীর পোশাক ও সাংস্কৃতিক স্বাধীনতা নিয়ে চলমান বিতর্ককে আবারও সামনে এনেছে।

বিজ্ঞাপন