মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ডায়েরিতে তিনবার শয়তানকে দেখার অভিজ্ঞতার কথা লিখেছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। ডায়েরির কিছু অংশ প্রকাশের পর বিষয়টি সামনে আসে।
‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ নামের বইটি লিখেছেন আর্জেন্টিনার কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ। বইটিতে ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পোপের লেখা বিভিন্ন অংশ অন্তর্ভুক্ত রয়েছে। এতে তার উদ্বেগ, অনুশোচনা ও ধর্মীয় বিশ্বাসের নানা দিক উঠে এসেছে।
ফার্নান্দেজ জানান, পোপ ফ্রান্সিস নিজেই ডায়েরির ভাবনা ও অভিজ্ঞতাগুলো বিশ্বের সামনে তুলে ধরার জন্য তাকে দায়িত্ব দিয়েছিলেন। গত বছর পোপের মৃত্যুর পর তিনি বইটি প্রকাশের জন্য পোপ লিও চতুর্দশের কাছে অনুমতি চেয়েছিলেন।
বইটির আলোচিত অংশগুলোর মধ্যে একটি হলো শয়তানকে তিনবার দেখার দাবি। পোপ ফ্রান্সিস লিখেছেন, বুয়েনস এইরেসের আর্চবিশপ থাকাকালে তিনি তিনবার শয়তানকে দেখেছিলেন। প্রথমবার গাড়ির জানালা দিয়ে, দ্বিতীয়বার গির্জার উপাসনাকক্ষে প্রার্থনার সময় এবং তৃতীয়বার চিলি সফরের পর রোমে বৈঠকের সময়।
ডায়েরিতে পোপ উল্লেখ করেন, শয়তান নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। প্রথম ঘটনার বর্ণনায় তিনি বলেন, প্রায় ১৫ বছর আগে গাড়ির জানালা দিয়ে শয়তানকে দেখেছিলেন, যার দৃষ্টি ছিল ভয়ংকর ও আকর্ষণীয়।
দ্বিতীয় ঘটনাটি ঘটে একটি কারমেলাইট উপাসনালয়ে, যেখানে শয়তানকে জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখেন। তৃতীয় ঘটনাটি ঘটে চিলি সফরের পর রোমে, যেখানে তিনি শয়তানের কণ্ঠস্বরও শুনেছিলেন।
এছাড়া, ২০১৮ সালের ৭ জুনের একটি নোটে পোপ উল্লেখ করেন, ঘুমাতে যাওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন। তার ব্যক্তিগত ডায়েরির এসব বিবরণ প্রকাশের পর পোপ ফ্রান্সিসের আধ্যাত্মিক জীবন ও বিশ্বাস নতুন করে আলোচনায় এসেছে।