ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের একটি অংশ অপসারণের পর ক্যানসার শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভ্যাটিকান।
৭১ বছর বয়সী পোপের জন্য এটি একটি বড় ধরনের স্বাস্থ্যগত ধাক্কা বলে মনে করা হচ্ছে। ভ্যাটিকানের প্রকাশিত চিকিৎসা বুলেটিনে বলা হয়েছে, পোপ লিওর ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়েছে, যা ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন। অস্ত্রোপচারের সময় সংগ্রহ করা টিস্যুর পরীক্ষায় ক্যানসারের উপস্থিতি নিশ্চিত হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের আগে বিভিন্ন পরীক্ষার ভিত্তিতে যে আশঙ্কা করা হয়েছিল, পরীক্ষার ফলেও তা-ই পাওয়া গেছে। সম্প্রতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি অস্বাভাবিক বৃদ্ধি শনাক্ত করেন চিকিৎসকেরা। সেটি অপসারণের জন্য মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন তিনি।
পোপের প্রধান চিকিৎসক ডা. স্তেফানো মার্গারিতোরা এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. লুইজি কারবোন এক বিবৃতিতে জানান, অস্ত্রোপচারটি প্রায় ৯০ মিনিট স্থায়ী হয় এবং কোনো জটিলতা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসার মাধ্যমে রোগ নিরাময়ের লক্ষ্য সামনে রেখে ভিডিও-সহায়তাপ্রযুক্তি ব্যবহার করে পোপের ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়েছে।
চিকিৎসাবিশেষজ্ঞদের মতে, পোপের ক্যানসার কতটা বিস্তৃত, তা এখনো স্পষ্ট নয়। টিউমারের আকার এবং ক্যানসার লসিকাগ্রন্থিতে ছড়িয়ে পড়েছে কি না, তা জানা জরুরি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফুসফুসের ক্যানসার বিশেষজ্ঞ ডা. স্টিফেন লিউ জানিয়েছেন, রোগ শনাক্তের বিষয়টি জানা গেছে, কিন্তু এটি কোন পর্যায়ে রয়েছে, তা এখনো জানা যায়নি।
ভ্যাটিকানের চিকিৎসা বুলেটিনে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর স্বাভাবিকভাবেই জ্ঞান ফিরে পান পোপ লিও। পরে তাকে হাসপাতালের কক্ষে নেওয়া হয়, সেখানে তিনি বিশ্রাম নিচ্ছেন। ভ্যাটিকান জানিয়েছে, পোপের প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকার কথা রয়েছে এবং আগামী ২০ অক্টোবর পর্যন্ত তার সব প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে।