আফগানিস্তানে সরকারি নথি, চিকিৎসাপত্র এবং হাসপাতালের রেকর্ড থেকে নারীদের প্রকৃত নাম মুছে ফেলার মৌখিক নির্দেশ জারি করেছে তালেবান।
দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বলখ প্রদেশের সরকারি দপ্তর এবং স্বাস্থ্যকর্মীদের এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, নারীদের প্রথম নাম লেখা যাবে না এবং তাদের নামের পরিবর্তে 'বিবি' বা সংখ্যা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে, এই নাম নিষিদ্ধের নির্দেশনার কোনো লিখিত কপি এখনও প্রকাশিত হয়নি। তালেবানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি যে, এই নির্দেশনা কেবল বলখ প্রদেশের জন্য নাকি সারা দেশে কার্যকর হবে।
আফগানিস্তানে দাদি বা বয়স্ক নারীদের ক্ষেত্রে 'বিবি' শব্দটি ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, চিকিৎসাপত্র এবং হাসপাতালের রেকর্ডে নারীদের নামের পরিবর্তে একই শব্দ বা সংখ্যা ব্যবহারে রোগী শনাক্তকরণ, রোগ নির্ণয় এবং চিকিৎসায় বিভ্রান্তি তৈরি হতে পারে।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং চলাফেরার ওপর শতাধিক বিধিনিষেধ আরোপ করেছে।