জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ আদায় করতে হাজির হন হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার জানায়, দশ হাজারেরও বেশি মুসল্লি আল-আকসা মসজিদে উপস্থিত হন। অধিকৃত পশ্চিম তীরে বিভিন্ন স্থানে ফিলিস্তিনিরা জুমার নামাজ আদায় করেন।
দোরা শহর থেকে খিরবেত হামসা আল-ফাওকা গ্রামের সংযোগকারী সড়কে স্থানীয় মুসল্লিরা নামাজে অংশ নেন। যদিও পুরোনো জেরুজালেম শহর এবং আল-আকসা মসজিদের প্রবেশপথগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, তবুও মুসল্লিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
ইসরায়েলি কর্তৃপক্ষ গত তিন বছরেরও বেশি সময় ধরে পশ্চিম তীর ও গাজা উপত্যকার বাসিন্দাদের জেরুজালেমে প্রবেশ এবং আল-আকসা মসজিদে নামাজ আদায়ে বাধা দিয়ে আসছে। এর ফলে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে পবিত্র এই মসজিদে জুমার নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন।