অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গত রোববার সকালে প্রায় ৫০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছে। জেরুজালেম গভর্নরেটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তারা সেখানে প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালন করে।
সকালে দফায় দফায় বসতি স্থাপনকারীরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। তাদের প্রবেশের কারণে মসজিদ ও পুরোনো শহর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে ইসরায়েলি বাহিনী।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অমুসলিমদের প্রার্থনা ও ধর্মীয় আচার পালন অনুমোদিত নয়। তবে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেখানে প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেছে বলে জানায় জেরুজালেম গভর্নরেট।
শুক্রবার থেকে শুরু হয়েছে ইহুদিদের নববর্ষ রোশ হাশানাহ। এ উপলক্ষে আল-আকসা প্রাঙ্গণে বসতি স্থাপনকারীদের প্রবেশ ও ধর্মীয় আচার পালনের ঘটনা নতুন উত্তেজনা তৈরি করেছে।
জেরুজালেম গভর্নরেট বলেছে, আল-আকসায় বসতি স্থাপনকারীদের এসব প্রবেশ নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে এক ধরনের তথ্য-নিয়ন্ত্রণ বা সংবাদ ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে পবিত্র স্থানটিতে নতুন বাস্তবতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদ দীর্ঘদিন ধরে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু। পবিত্র স্থানটির নিয়ন্ত্রণ ও সেখানে প্রার্থনার অধিকার নিয়ে বিরোধ জেরুজালেম সংঘাতের অন্যতম স্পর্শকাতর বিষয়।