ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রায় ৬৫ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
৫ জুন শুক্রবার, স্থানীয় সময় ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি পবিত্র এই স্থানে পৌঁছাতে শুরু করেন। ধীরে ধীরে মসজিদের প্রাঙ্গণ ও আঙিনা মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।
কঠোর নিরাপত্তা ও বাধা অতিক্রম করেও অনেকে সেখানে পৌঁছান। গত তিন বছর ধরে পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আসছে ইসরায়েল।
এ কারণে অনেক মুসল্লি সরাসরি মসজিদে প্রবেশ করতে পারেন না। মুসলিমদের অন্যতম পবিত্র এই স্থানে প্রবেশাধিকার নিয়ে নতুন করে সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণের অভিযোগও উঠছে।