অধিকৃত পূর্ব জেরুজালেমের জাবাল আল-মুকাব্বার এলাকায় ইসরায়েলি কর্তৃপক্ষ দুই ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বাড়ি ভেঙে ফেলতে বাধ্য করেছে। শুক্রবার (৬ নভেম্বর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, বাড়ি দুটি ২০২০ সালে নির্মিত হয়েছিল এবং সেখানে দুই পরিবারের ১৮ জন সদস্য বসবাস করতেন।
ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশে, পরিবার দুটি নিজেদের বসতবাড়ি ভাঙতে বাধ্য হয়। বাড়ি দুটি রক্ষা করার জন্য তারা ২৫ হাজার ইসরায়েলি শেকেল (প্রায় ৭ হাজার ৯০০ ডলার) পরিশোধ করেছিলেন, কিন্তু তাও তাদের বাড়ি রক্ষা করতে পারেনি।
সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙার ঘটনা বেড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিনি পরিবারগুলোর বসতভিটা হারানোর ঘটনা ক্রমেই বাড়াচ্ছে।