ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা জার্মানি ও ইউরোপীয় অংশীদারদের কাছে জরুরি রাজনৈতিক-অর্থনৈতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি এই আহ্বান জানান জার্মানির রাজধানী বার্লিনে, যেখানে তিনি দেশটির পার্লামেন্ট বুন্ডেস্টাগের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান আর্মিন লাশেটের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে, আফরাহ আল-জুবা ইয়েমেনের আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে এবং সামুদ্রিক সীমান্তে নজরদারি বাড়াতে জার্মানি ও ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা চান। তিনি জানান, হুতিদের কাছে ইরানের অস্ত্র পাচার বন্ধে এ ধরনের সহায়তা অত্যন্ত জরুরি।
আফরাহ আল-জুবা হুতি বিদ্রোহীদের সমালোচনা করেন, বিশেষ করে ইয়েমেনের তাইজ শহর অবরুদ্ধ করে রাখার জন্য। তিনি এ অবরোধকে বেসামরিক জনগণের ওপর ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করেন। তিনি ইয়েমেনের পশ্চিম উপকূল ও বাব আল-মান্দেব প্রণালিকে ঘিরে নতুন শক্তির ভারসাম্য প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়ে সতর্ক করেন।
অন্যদিকে, আর্মিন লাশেট ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন, বিশেষ করে শিশুদের সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগের বিষয়টি নিয়ে। তিনি বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অর্থনৈতিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
লাশেট পরিস্থিতি মোকাবিলায় ইয়েমেনকে কেন্দ্র করে জার্মানি ও ইউরোপের দেশগুলোর নতুন কৌশল প্রণয়নের আহ্বান জানান। উল্লেখ্য, বাব এল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ, যেখানে নিরাপত্তা বিঘ্নিত হলে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে।