ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামের ক্যাম্প পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো যাদবপুর গ্রামের বাবু মিয়ার চার বছর বয়সী ছেলে নাহিয়ান এবং তার তিন বছর বয়সী ফুপাতো বোন হুমায়রা খাতুন। স্থানীয় যাদবপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য রাবেয়া খাতুন জানান, মামাতো-ফুপাতো ভাই-বোন হিসেবে ওই দুই শিশু মঙ্গলবার দুপুরে একত্রে খেলাধুলা করছিল।
একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা নিখোঁজ হয়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি গভীর ডোবার পানিতে শিশু দুটির নিথর দেহ ভাসতে দেখা যায়।
পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দুই নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম, পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি অসাবধানতাবশত পানিতে ডুবে মৃত্যুর ঘটনা হওয়ায় সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।