চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য শেখ শরীফুল আলম অবরুদ্ধ অবস্থায় থেকে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ৩০ ঘণ্টা পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তাকে চিকিৎসার জন্য বের করা হয়।
শেখ শরীফুল আলম গত সোমবার সকালে কিছু ছাত্রদল নেতাকর্মী নিয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করার পর থেকে অবরুদ্ধ ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সরকারের হস্তক্ষেপ চান।
এদিন বিকেলে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চুয়েট মেডিকেল সেন্টারের চিকিৎসকদের দুটি টিম উপাচার্যের শারীরিক অবস্থা পরীক্ষা করেন। তবে উভয় দলের মতামত ছিল ভিন্ন।
উপাচার্যের সঙ্গে আসা ছাত্রদল নেতাকর্মীরাও আটকা ছিলেন এবং তাদের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
এদিকে, নতুন উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের পর থেকে চুয়েটে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন চলছে। ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।