বিশ্ব শিশু দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ) বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। রাজধানীর উত্তরা ও হাজারীবাগের বিদ্যালয়ে এই দিবসটি উদযাপন করা হয়।
এই উপলক্ষে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালিও অনুষ্ঠিত হয়। র্যালিতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং তারা নিজেদের অধিকার সংবলিত প্ল্যাকার্ড বহন করে। শিক্ষার্থীরা শিশু অধিকার প্রতিষ্ঠার দাবিতে নানা স্লোগান দেয়।
শিশুদের দাবির মধ্যে নিরাপদ পৃথিবী, সুরক্ষিত ও সবুজ পরিবেশ এবং মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
হাজারীবাগ ও উত্তরা এলাকায় এইচএসএফ পরিচালিত বিদ্যালয়গুলোতে সুবিধাবঞ্চিত শিশুরা বিনা মূল্যে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর এসব শিক্ষার্থীকে মাধ্যমিক পর্যায়ে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বৃত্তি প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান সেফটি ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।