রাজধানীতে ইউএনএফপি‘র আয়োজনে বাল্যবিবাহ আইন সংস্কার শীর্ষক গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এই সংলাপের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনএফপিএ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং। এছাড়া যুব ইউনিটের প্রধান ইলিজা আজেই এবং যমুনা টিভি’র হেড অব নিউজ তৌহিদুল ইসলামসহ অন্যান্য বক্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, বাল্যবিবাহ কেবল কন্যা শিশুর জীবনকে ক্ষতিগ্রস্ত করে না, বরং দারিদ্র্য ও অসমতার চক্রকেও দীর্ঘস্থায়ী করে। ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা’র বিশেষ বিধান বাল্যবিবাহ রোধের মূল চেতনার সাথে সাংঘর্ষিক।
এই ধারায় বলা হয়েছে, ‘যুক্তিসংগত কারণ দেখিয়ে মা-বাবা কিংবা আদালতের সম্মতিতে ১৬ বছর বয়সে কোনো মেয়ের বিয়ে হলে তা “অপরিণত বয়সের” বাল্যবিয়ে বলে গণ্য হবে না।’ বক্তাগণ উল্লেখ করেন যে, এই আইনের দুর্বলতার সুযোগ নিয়ে বাল্যবিবাহ বৈধতা পাচ্ছে এবং এর হার বাড়ছে।
যমুনা টিভি’র হেড অব নিউজ তৌহিদুল ইসলাম বলেন, রাজশাহী ও সিলেট বিভাগের মধ্যে বাল্যবিবাহের হারের পার্থক্য ৩০০ শতাংশ। তিনি বলেন, “এটা প্রশ্নবিদ্ধ। তবুও বাল্যবিবাহ হচ্ছে, এটাই ঠিক।”
অন্যান্য বক্তাগণ বলেন, বাংলাদেশের প্রায় অর্ধেক মেয়ে এখনও বাল্যবিবাহের শিকার, যার ফলে কিশোরী গর্ভধারণ ও জীবনের সুযোগ সীমিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।