ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এই রায় প্রদান করেন।
রায়ে আসামি আরিফ, রাকিব ও সাইমকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
নিছামনির মা-বাবা রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। গত ১৪ জুন বিকেলে শিশুটিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন নিছামনির পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে ২৩ জুন চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। উভয় পক্ষের শুনানী শেষে ২৫ দিনের মাথায় রায় ঘোষণা করা হয়েছে।