সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সক্রিয় সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও জিম্মি এক জেলেকে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার (৯ জুলাই) এ তথ্য জানান। তিনি জানান, বুধবার (৮ জুলাই) বিকেলে বাগেরহাটের শরনখোলা থানাধীন সুন্দরবনের তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন কলামুলি খাল এলাকায় ডাকাত সদস্যরা আত্মসমর্পণ করে।
আত্মসমর্পণের সময় তাদের কাছে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি দেশীয় পাইপগান, ৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এছাড়াও, কোস্ট গার্ড এক জেলেকে উদ্ধার করে, যিনি ডাকাতদের হাতে জিম্মি ছিলেন।
আত্মসমর্পণকারী সদস্যদের মধ্যে আলামিন হোসেন (৪০) বাগেরহাট জেলার মোংলা, তৈবুর রহমান (২৪) সাতক্ষীরা জেলার তালা এবং মনিরুজ্জামান মামুন (২০) খুলনার কয়রা থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি ও সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আত্মসমর্পণকারী ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও চলছে।