চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন বৃদ্ধকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দপুর তামালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পলান উদ্দীন (৮০) ওই গ্রামের মৃত ছয়রদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পলানের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমির কারণে প্রতিপক্ষের লোকজন পলানের ওপর হামলা চালায়।
হামলার পর পলান গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।