ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, ‘আজ দুপুরের দিকে খবর পেয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওই ব্যক্তি বেঁচে নেই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এখনো ওই বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি।
প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম ইউনিটকে খবর দেওয়া হয়েছে। গত ৩ দিনে তিনটি অজ্ঞাত মরদেহ জরুরি বিভাগের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। প্রতি মাসে প্রায় ছয় থেকে সাতটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা মরদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগের আশপাশে ফেলে রেখে যায়, তা আমরা কিছুই জানি না। তবে ভবিষ্যতে এ বিষয়ে আরও কঠোর নিরাপত্তা জোরদার করা হবে।’