নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় রান্টু হোসেন নামে একজন অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সরকার ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রান্টু হোসেন গড়মাটি এলাকার জরু প্রামানিকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোভ্যান রাজাপুর বাজার থেকে গড়মাটি বাজারের দিকে যাচ্ছিল।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই রান্টু হোসেন মারা যান এবং আরও ৪ যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।