বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

জেফ বেজোস: জেমস বন্ড চরিত্রে প্যাটিনসনের নির্বাচনে ছিলাম সরাসরি যুক্ত

জেফ বেজোস জানান, প্যাটিনসনকে জেমস বন্ড হিসেবে নির্বাচনের প্রক্রিয়ায় ছিলেন তিনি সরাসরি যুক্ত।

জেফ বেজোস: জেমস বন্ড চরিত্রে প্যাটিনসনের নির্বাচনে ছিলাম সরাসরি যুক্ত

হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন মুখ হিসেবে অভিনেতা রবার্ট প্যাটিনসনকে বেছে নেওয়ার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফ বেজোস। মঙ্গলবার (১৭ নভেম্বর) সেমাফোর আয়োজিত ‘সিলিকন ভ্যালি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনে এ কথা জানান তিনি।

অ্যামাজন সম্প্রতি ঘোষণা করেছে যে প্যাটিনসন পরবর্তী '০০৭ এজেন্ট' হিসেবে নির্বাচিত হয়েছেন। বেজোস জানান, প্রথমে বড় একটি তালিকা থেকে কয়েকজন অভিনেতাকে বাছাই করা হয় এবং পরে পাঁচজনকে নিয়ে চূড়ান্ত পর্যায়ের স্ক্রিন টেস্ট অনুষ্ঠিত হয়।

বেজোস বলেন, “আমি এই প্রক্রিয়ায় বেশ ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম। শুক্রবার আমরা একসঙ্গে বসেছিলাম। কয়েক ঘণ্টা ধরে সবার স্ক্রিন টেস্ট দেখেছি এবং সেগুলো পর্যালোচনা করেছি।”

জেমস বন্ড চরিত্রটি হলিউডের দীর্ঘদিনের এবং সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। প্যাটিনসনকে বেছে নেওয়ার বিষয়ে বেজোস জানান, স্ক্রিন টেস্ট দেখার পর তার মধ্যে বিশেষ কিছু গুণ থাকার বিষয়টি স্পষ্ট হয়ে যায়।

তবে, শুরুতে প্যাটিনসনকে নিয়ে নির্বাচকদের মধ্যে কিছুটা দ্বিধা ছিল বলে জানান তিনি। বেজোস বলেন, “শুরুতে বলতে গেলে, তিনি আগে থেকেই এতটা বিখ্যাত হওয়ায় আমরা কিছুটা তার বিপক্ষে ছিলাম।”

৪০ বছর বয়সী রবার্ট প্যাটিনসনের বড় পর্দায় অভিষেক হয় ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমার মাধ্যমে। পরে ‘দ্য টোয়াইলাইট সাগা’, ‘দ্য লস্ট সিটি অব জেড’ এবং ‘টেনেট’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেও প্রশংসিত হন তিনি।

এ পর্যন্ত জেমস বন্ডকে কেন্দ্র করে দুই ডজনের বেশি সিনেমা মুক্তি পেয়েছে। তবে অ্যামাজন এমজিএম স্টুডিওর অধীনে নির্মিতব্য নতুন সিনেমাটি হবে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম চলচ্চিত্র। ২০২৫ সালে নতুন যৌথ উদ্যোগের মাধ্যমে বন্ড সিরিজের সৃজনশীল নিয়ন্ত্রণ নেয় অ্যামাজন এমজিএম স্টুডিওস। নতুন সিনেমার মধ্য দিয়ে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে।

বিজ্ঞাপন