বাংলা গানের কিংবদন্তি শিল্পী সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনসার্টটি আগামী ২০ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি মৌলিক গানও পরিবেশন করবেন চার সংগীতশিল্পী—সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। সঞ্জীব চৌধুরী ২০০৭ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন এই ট্রিবিউট কনসার্টের আয়োজন করছে আজব কারখানা।
সঞ্জীব চৌধুরী বাংলা ব্যান্ড সংগীতে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। তিনি ‘দলছুট’ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট ছিলেন। তাঁর লেখা ও গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’ ও ‘কথা বলব না’ গানগুলো আজও শ্রোতাদের মাঝে জনপ্রিয়।
বাংলা লোকগানকে আধুনিক সংগীতের সাথে মেলবন্ধনে সঞ্জীব চৌধুরীর ভূমিকা বাংলা সংগীতে বিশেষভাবে স্মরণীয়। আয়োজকদের মতে, তাঁর গান ও সৃষ্টিকে নতুন করে স্মরণ এবং বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ট্রিবিউট কনসার্টের আয়োজন করা হচ্ছে।
কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা এবং অন-স্পট টিকিটের মূল্য ১ হাজার টাকা। টিকিট কেনার জন্য ০১৫১১-২৫৯৫২৫ বা ০১৩৩৯-৭৬২১৭০ নম্বরে বিকাশে মেক পেমেন্টের মাধ্যমে নাম ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করতে হবে।