দীর্ঘ সাত বছর পর সিংগার-সং রাইটার জয় শাহরিয়ারের পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’ প্রকাশিত হলো। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর ইএমকে সেন্টারে এক অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, সংগীতশিল্পী হামিন আহমেদ এবং জয় শাহরিয়ারের মা শাহরিয়া আখতার বুলু। নতুন অ্যালবামটিতে মোট ৮টি গান রয়েছে, যার কথা ও সুর রচনা করেছেন জয় শাহরিয়ার নিজেই।
জয় শাহরিয়ার নতুন অ্যালবাম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “সাত বছর পর আমার নতুন অ্যালবাম এলো। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। নিজের মতো করে গানগুলো করেছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”
অ্যালবামটি স্পটিফাই, আইটিউন্স, অ্যামাজন, ডিজার ও স্বাধীনসহ সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। ‘আজব রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত এই অ্যালবামের সার্বিক সহযোগিতায় ছিল ‘আজব কারখানা’ এবং টিশার্ট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘এন স্টোরিজ’।”