বাংলা সংগীতের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী ও জয় শাহরিয়ার যৌথভাবে প্রকাশ করেছেন নতুন দ্বৈত অ্যালবাম ‘গানের পথে দেখা’। আজব রেকর্ডসের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামে মোট আটটি গান অন্তর্ভুক্ত রয়েছে।
অ্যালবামের চারটি গান গেয়েছেন রূপঙ্কর এবং বাকি চারটি গেয়েছেন জয় শাহরিয়ার। সব গানগুলোর সুর দিয়েছেন জয় শাহরিয়ার নিজেই। গানের কথা লিখেছেন কবির বকুল, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, ইশতিয়াক আহমেদ ও মারুফ হাসান।
রূপঙ্কর জানান, “জয়ের সাথে কাজ করছি প্রায় এক যুগ ধরে। বাংলাদেশে সে আমার পছন্দের গীতিকবি-সুরকার। আমাদের বিভিন্ন সময়ে করা গানগুলো একটি অ্যালবাম আকারে প্রকাশের খবরে আমি আনন্দিত। আশা করি, আমাদের শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।”
জয় শাহরিয়ার বলেন, “রূপঙ্করদা আমার অসম্ভব প্রিয় শিল্পী ও মানুষ। ওনার সাথে কাজ করা আমার জন্য বরাবরই আনন্দের এবং শিক্ষণীয়। বাংলা ভাষায় যারা গান করেন, তাদের মাঝে রূপঙ্করদা নিজ গুণে অনন্য। এই অ্যালবাম আমার সংগীতজীবনের অন্যতম প্রাপ্তি।”
‘গানের পথে দেখা’ অ্যালবামটি আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে। অ্যালবামে থাকা গানগুলোর শিরোনাম হলো: ‘নেই যে প্রয়োজন’, ‘কেমন করে’, ‘আয় ফিরে’, ‘ষোলো আনাই মিছে’, ‘কেমন আছো তুমি’, ‘তুমি’, ‘অসুখ’ ও ‘ভালো আছি’।”