দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বকুলপুর’ এর তৃতীয় কিস্তি আজ ১৯ সেপ্টেম্বর প্রচারে আসছে। যাত্রাপালার রঙিন জীবনের ভেতর প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে এই সিরিজটি।
‘বকুলপুর সিজন ৩’ প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে। আহমেদ শাহাবুদ্দীন রচিত এবং নির্মাতা হাসান রেজাউল পরিচালিত এই ধারাবাহিকে আগের দুটি সিজনের জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি নতুন চরিত্রও যুক্ত হয়েছে।
গল্পে আব্বাস বেগ আবার বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, যেখানে প্রাক্তন চেয়ারম্যান দীবা হেরে গেছেন। বিজয় মিছিলে আব্বাসকে ফুলের মালা দিয়ে বরণ করতে আসেন রহস্যময়ী নারী নন্দিনী ও প্রতিদ্বন্দ্বী মেহেরজান।
নতুন দায়িত্ব নেওয়ার পর আব্বাস চেয়ারম্যান স্থানীয়দের অনুরোধে নন্দিনীর মাধ্যমে যাত্রাপালা নিয়ে আসেন। এ সময় এলাকায় নতুন যাত্রাদল ‘দ্য নিউ মালঞ্চ অপেরা’ আগমন ঘটে, যা গ্রামের প্রভাবশালী উজান দেওয়ানের বিরোধিতার মুখে পড়ে।
আব্বাসের সঙ্গে উজান দেওয়ানের দ্বন্দ্বের মূল কারণ হলো তার ছোটবোন নাইয়রী। অন্যদিকে, লীলাবতী সরকারের সঙ্গে মেহেরজানের বিরোধ রয়েছে। একদিন লীলাবতী সরকারের ওপর সন্ত্রাসী হামলা হয়, প্রাথমিকভাবে মেহেরজানকে সন্দেহ করা হলেও পরে তদন্তের মোড় ঘুরে যায়।
এসআই ফরহাদের মনে হতে থাকে, এলাকায় এমন কেউ আছে, যে বকুলপুরকে অস্থিতিশীল রাখতে চায়। কে সে? দাদাভাই? নাকি তার কোনো এজেন্ট? স্বপ্নীল প্রোডাকশন্স প্রযোজিত এই ধারাবাহিকে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুষমা সরকার, তাহমিনা সুলতানা মৌ, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, কচি খন্দকার, নরেশ ভুঁইয়া, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল প্রমুখ।