বিশ্বনন্দিত তুর্কি সিরিজ ‘অনন্ত ভালোবাসা’ এবার বাংলা ভাষায় প্রচার শুরু হলো। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় দীপ্ত টিভির উদ্যোগে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে সিরিজটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে প্রথম ও দ্বিতীয় পর্ব দেখানো হয়।
প্রদর্শনীতে দর্শকরা সিরিজটির বিভিন্ন কুইজ এবং সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন। ‘অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’, যা একটি রোমান্টিক ধারাবাহিক। এর মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম।
জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি শনি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে। পুনঃপ্রচার পরদিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে। দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে একইসঙ্গে দেখা যাবে এই ধারাবাহিক।
গল্পের কেন্দ্রীয় চরিত্র কেমাল সৈদেরে, যিনি একজন মধ্যবিত্ত পরিবারের মেধাবী যুবক। অন্যদিকে, নিহান সেজিন ধনী পরিবারের এক তরুণী। সম্পূর্ণ ভিন্ন সামাজিক অবস্থান থাকা সত্ত্বেও তাদের মধ্যে গভীর প্রেম গড়ে উঠে।
তবে পারিবারিক ও সামাজিক বাধা, বিশেষ করে ক্ষমতাধর ব্যবসায়ী এমির কোজওলুর কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। নিহানের প্রতি এমিরের একতরফা আসক্তির কারণে নানা ষড়যন্ত্রের সৃষ্টি হয়, যা তাদের প্রেমকে বিপন্ন করে।
হৃদয়ভাঙা কেমাল শহর ছেড়ে চলে যায় এবং কয়েক বছর পর একজন সফল প্রকৌশলী হিসেবে ফিরে আসে। এই সময়ে গল্পে প্রতিশোধ, গোপন সত্য, ক্ষমতার দ্বন্দ্ব ও আত্মত্যাগের নানা উপাদান যুক্ত হয়।
বিভিন্ন চরিত্রে কণ্ঠাভিনেতা হিসেবে রয়েছেন শফিকুল ইসলাম (কেমাল সৈদেরে), রুবাইয়া মতিন গীতি (নিহান সেজিন), মোর্শেদ সিদ্দিকী মরু (এমির কোজওলু) এবং অন্যান্য। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা।
মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে অনন্ত ভালোবাসা’র অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।