নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি) দর্শকদের জন্য তৈরি করা হয়েছে। নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক জানান, বর্তমান প্রজন্মের কাছে সেই সময়ের ভালোবাসার অনুভূতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
‘মিশন ডিডিএলজে’ একটি রোমান্টিক কমেডি ঘরানার ওয়েব ফিল্ম, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী ও লাবণ্য। এছাড়াও, মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুই, আরমান মাহমুদ, শওকত শোভনসহ আরও অনেক অভিনয়শিল্পী রয়েছেন।
সম্প্রতি ঢাকা ও মানিকগঞ্জের মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা অর্ক বলেন, ‘নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের কাছে উপভোগ্য হবে।’
তিনি আরও জানান, সিনেমাটির নামকরণে একটি ‘অপ্রকাশিত গল্প’ রয়েছে, যা দর্শকদের পুরো সিনেমাটি দেখতে উদ্বুদ্ধ করবে।
মিশন ডিডিএলজে’র নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন আশেক হোসেন তন্ময়। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষদিকে এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।