মা হলেন চিত্রনায়িকা মারজান জেনিফা। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। গত ১০ আগস্ট রাত ১০টা ৩৩ মিনিটে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
জেনিফা ও জোবায়ের আলম দম্পতির এটি প্রথম সন্তান। মা হওয়ার সুখবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।
তিনি জানান, দীর্ঘ ৩২ ঘণ্টা প্রসববেদনা সহ্য করে স্বাভাবিকভাবে ছেলেকে জন্ম দিয়েছেন। এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ ১০ আগস্ট, রাত ১০টা ৩৩ মিনিটে রাজপুত্রের মা হলাম।’
জেনিফা বলেন, ‘একজন নারী যখন প্রথমবার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখান, তখন জীবনের সব কষ্ট, ভয়, দুশ্চিন্তা ও অশ্রু যেন মুহূর্তেই আনন্দ ও ভালোবাসায় পরিণত হয়।’
৩২ ঘণ্টার প্রসববেদনা ও অপেক্ষার মধ্য দিয়ে কাটানো সময়ের কথা উল্লেখ করে তিনি জানান, সন্তানকে প্রথমবার চোখের সামনে দেখে বুকে জড়িয়ে ধরার পর আগের সব কষ্টই সার্থক মনে হয়েছে।
তিনি বলেন, ‘মা হওয়া যে কতটা ত্যাগ, সাহস, ধৈর্য এবং নিঃস্বার্থ ভালোবাসার নাম, আজ নিজেই অনুভব করলাম।’
জেনিফা সন্তান জন্মের সময় পাশে থাকা স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দোয়া করা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালে আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে মারজান জেনিফার।