ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন কে, তা নিয়ে দর্শকদের কৌতূহল বেড়েছে।
শোনা যাচ্ছে, শাকিবের নতুন নায়িকা হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিনজা হাশমি। সংশ্লিষ্ট সূত্র জানায়, কিনজার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
কিনজা হাশমি ২০১৪ সালে অভিনয়ে যাত্রা শুরু করেন এবং টেলিভিশন নাটকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে বিশেষভাবে আলোচনায় আসেন। এছাড়া ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’ ও ‘হুক’-এর মতো নাটকে দেখা গেছে তাঁকে।
শুধু ছোট পর্দায় নয়, তিনি চলচ্চিত্র ও মডেলিংয়ে কাজ করেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। শাকিব খানের বিপরীতে অভিনয় করলে বাংলাদেশের চলচ্চিত্রে নতুন অধ্যায় শুরু হবে বলে মনে করা হচ্ছে।
‘মহব্বত’-এর নায়িকা নির্বাচন নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া গোপনীয়তা বজায় রেখেছে। সিনেমাটির প্রথম পোস্টারে শাকিবের পাশে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা নারীর উপস্থিতি থাকলেও মুখ আড়াল করা হয়েছে। নির্মাতারা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নায়িকাকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।
শাকিবের সিনেমায় বিদেশি নায়িকা নেওয়া নতুন কিছু নয়। কলকাতার বিভিন্ন অভিনেত্রীসহ যুক্তরাষ্ট্রের মডেল কোর্টনি কফি শাকিবের বিপরীতে অভিনয় করেছেন। পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের আগের সিনেমাগুলোতেও বিদেশি নায়িকা ছিলেন।
১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে শাকিব খানের বড় পর্দায় অভিষেক হয়। তিনি দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে ৭০ জনের বেশি নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রকস্টার’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘মহব্বত’-এর শুটিং ২০২৭ সালের জানুরির প্রথম সপ্তাহে শুরু হতে পারে এবং একই বছরের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।