মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

গিনেস রেকর্ডে নাম লেখালো দীপিকা-অল্লুর সিনেমা ‘রাকা’

গিনেস রেকর্ডে নাম লেখালো দীপিকা ও অল্লুর সিনেমা ‘রাকা’, যা মুক্তির আগেই ইতিহাস গড়েছে।

গিনেস রেকর্ডে নাম লেখালো দীপিকা-অল্লুর সিনেমা ‘রাকা’

মুক্তির আগেই ইতিহাস গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির একটি শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে ধারণ করা হয়েছে। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই রেকর্ডের স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয় ‘রাকা’র পরিচালক অ্যাটলি ও অভিনেতা অল্লু অর্জুনের হাতে। এ সময় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান পিকচার্স’-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিংয়ের সময় রেকর্ডটি তৈরি হয়।

একটি দৃশ্য ধারণের জন্য একই সময়ে ৩৭ জন শিল্পীর মোশন ক্যাপচার করা হয়, যা ভারতীয় সিনেমায় এর আগে দেখা যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ‘রাকা’ প্রায় ৮০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে এবং প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটিকে বড় পরিসরে নির্মাণ করা হচ্ছে।

অ্যাটলি পরিচালিত এই চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথকে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠার পর আনন্দ প্রকাশ করেছেন অল্লু অর্জুন। তিনি বলেন, “পুরো দলের জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত।” অ্যাটলির ভাবনা, দূরদর্শিতা ও নিখুঁত নির্দেশনার প্রশংসা করেন তিনি।

অ্যাটলি বলেন, “ছোটবেলা থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কথা শুনে আসছি। কিন্তু নিজেদের একটি কাজ একদিন সেখানে জায়গা করে নেবে, তা কখনো ভাবিনি।” তিনি পুরো দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাকা’। মুক্তির আগেই গিনেস রেকর্ডে নাম লেখানোয় সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।

বিজ্ঞাপন