দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমনের গানের আসর ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’ আগামী শুক্রবার (২ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজধানীর বনানীতে বাটারনোট জ্যাজ ক্যাফেতে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। সুমনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করবেন বাংলাদেশের তিন শিল্পী– অটামনাল মুন, রেজাউল করিম লিমন ও নাহিদ হাসান।
কবীর সুমন এই অনুষ্ঠানের খবর পেয়ে কলকাতা থেকে শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, “মুন, লিমন, নাহিদরা আমাকে সম্মান জানিয়ে গান পরিবেশন করবেন। মনে হচ্ছে, তারা আমারই গান গাইবেন।”
সুমন আরও জানান, “আমি জানি, বাংলাদেশের অনেকেই আমার গান পছন্দ করেন। তাদের জন্য আমার সম্মান, ভালোবাসা, আদর রইলো।”
এই আসরের সঞ্চালনা করবেন কবি ও বাচিক শিল্পী ফারহান আবিদ। অনুষ্ঠানটি আয়োজন করছে আজব কারখানা।
টিকিটের দাম দুই ধরনের। অগ্রিম সংগ্রহ করলে টিকিটের দাম হবে ৭০০ টাকা (বিকাশ) এবং ‘অন স্পট’ টিকিটের দাম হবে ১,000 টাকা।