সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

বীর জগৎজ্যোতির সাহসিকতা ও আত্মত্যাগের ইতিহাস

মুক্তিযুদ্ধের বীর জগৎজ্যোতির সাহসিকতা ও আত্মত্যাগের কাহিনী তুলে ধরা হলো।

বীর জগৎজ্যোতির সাহসিকতা ও আত্মত্যাগের ইতিহাস

মুক্তিযুদ্ধের রণাঙ্গনে স্মরণীয় নাম বীর জগৎজ্যোতি দাস। ১৯৪৯ সালের ২৬ এপ্রিল হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সুনামগঞ্জ কলেজের ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে যোগ দেন এবং ছাত্র ইউনিয়নের (মেনন গ্রুপ) কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ২৮ মার্চ সুনামগঞ্জের অস্ত্রাগার ভেঙে রাইফেল লুট করে প্রতিরোধ যুদ্ধ শুরু করেন।

জুলাই মাসের প্রথম সপ্তাহে ৩৬ জন মুক্তিযোদ্ধা বিশেষ প্রশিক্ষণ নিয়ে টেকেরঘাট সাব-সেক্টরে যুক্ত হন। এই গেরিলা দলের অধিনায়ক ছিলেন জগৎজ্যোতি। ভাটি অঞ্চল মুক্ত রাখার পাশাপাশি তাঁদের বিশেষ দায়িত্ব ছিল ভৈরব-আজমিরীগঞ্জ-শেরপুর এলাকায় নদীপথ পাকিস্তানি সেনাদের জন্য বিপদসংকুল করে তোলা।

জয়কলস ব্রিজ পাকিস্তানি বাহিনীর লাইফলাইন হিসেবে পরিচিত ছিল। জগৎজ্যোতি দাসকে ব্রিজটি ধ্বংস করার দায়িত্ব দেওয়া হয়। জুলাইয়ের শেষের দিকে তিনি তাঁর গেরিলা বাহিনী নিয়ে ব্রিজটি উড়িয়ে দেওয়ার জন্য রওনা দেন। পথে রাজাকারদের সঙ্গে যুদ্ধ বেধে গেলে তিনি পরিকল্পনায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন এবং সদরপুর ব্রিজ উড়িয়ে দেওয়ার জন্য যাত্রা করেন।

৭ আগস্ট জগৎজ্যোতির দল জামালগঞ্জ থানা আক্রমণ করে। সেখানে পাকিস্তানি বাহিনী পালিয়ে যায়। এরপর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত অন্যান্য দলের সঙ্গে তাহিরপুর এলাকায় যুদ্ধ করতে থাকে। সেপ্টেম্বরের শেষে তিনি দিরাই থানায় ফিরে আসেন এবং আজমিরীগঞ্জ থানায় আক্রমণ করেন।

১৮ অক্টোবর রাতে জগৎজ্যোতি ও তাঁর দল মিলে পাকিস্তানি বাহিনীর শক্তিশালী ঘাঁটি বানিয়াচং থানা আক্রমণ করে। সেই যুদ্ধে তিনি ৩৫ জন সৈনিককে হত্যা করেন এবং থানাটি দখলমুক্ত করেন। পাকিস্তানি বাহিনী জীবিত অথবা মৃত জগৎজ্যোতিকে ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে।

১৬ নভেম্বর ভোরবেলা তিনি বাহুবলের দিকে রওনা দেন, কিন্তু বদলপুরের কাছে রাজাকারদের দল দেখে তিনি ফাঁদে পড়েন। এই যুদ্ধে শহীদ হন জগৎজ্যোতি দাস। পাকিস্তানি বাহিনী তাঁর ক্ষতবিক্ষত লাশ আজমিরীগঞ্জ বাজারে প্রদর্শন করে। জগৎজ্যোতির মা বলেন, ‘এ লাশ আমার ছেলে জ্যোতির নয়।’

স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে জগৎজ্যোতির মৃত্যুসংবাদ গুরুত্বসহ প্রচার করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাঁকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে।

বিজ্ঞাপন