ফিলিস্তিনের গাজা উপত্যকায় শীতের আগমনে বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্ভোগ চরমে পৌঁছেছে। তীব্র শীত ও ভারী বৃষ্টির কারণে তাঁবু প্লাবিত হওয়ায় শিশুদের উষ্ণ রাখা কঠিন হয়ে পড়েছে।
গাজা সিটির একটি অস্থায়ী আশ্রয়শিবিরে বসবাসকারী আমিরা সাদ জানান, তার চার মাসের শিশুসন্তান মোহাম্মদকে উষ্ণ রাখতে উদ্বেগ বাড়ছে। তিনি বলেন, 'শীতের কাপড় কেনার সামর্থ্য নেই, তাই প্রতিবেশীর কাছ থেকে একটি গরম পোশাক ধার করেছি।' পরিবারের ১৯ সদস্যের মধ্যে ৯ জনই শিশু।
আমিরার পরিবার ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর গাজা সিটির শুজাইয়া এলাকা থেকে বাস্তুচ্যুত হয়। ভারী বৃষ্টিতে তাঁদের তাঁবুতে পানি ঢুকে পড়ে, যার ফলে বিছানা ও কম্বল ভিজে যায়।
আমিরার শাশুড়ি বাসিমা সাদ জানান, তার ২৩ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ের জন্য শীতের পোশাক ও নিয়মিত ওষুধ প্রয়োজন। তিনি বলেন, 'তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে যায়।' পরিবারের নিয়মিত কোনো আয় নেই, ফলে খাবারের জন্য কমিউনিটি রান্নাঘরের ওপর নির্ভর করতে হয়।
শীতের এই দুর্ভোগ নবজাতক ও ছোট শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। সম্প্রতি, হাইপোথার্মিয়া রোগে ৯ মাস বয়সী শিশু কিনান আহমেদ রাকিক প্রাণ হারিয়েছে।
গাজার আরেক বাসিন্দা আমাল আল-মায়দানার শীতকালীন দুর্ভোগ আরও উদ্বেগজনক। তিনি জানান, তার সাত সন্তানের মধ্যে ছোট দুই মেয়ে এখনও গ্রীষ্মের পোশাক পরছে। আমাল বলেন, 'সবকিছুর দাম অনেক বেশি, আমাদের সামর্থ্য নেই নতুন পোশাক কেনার।'
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দফতর (ওসিএইচএ) জানিয়েছে, গাজার ৯৪ শতাংশ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় সহায়তা প্রয়োজন। গাজার প্রায় ৬ লাখ ৫০ হাজার শিশুর জন্য শীতকালীন সহায়তা প্রয়োজন।
তবে প্রয়োজনের তুলনায় সহায়তার পরিমাণ অত্যন্ত কম। গত সেপ্টেম্বর পর্যন্ত মানবিক সহায়তা সংস্থাগুলো মাত্র ৯ হাজার পরিবারের জন্য শীতের পোশাক ও ৫০ হাজার পরিবারের জন্য বিছানাপত্রের ব্যবস্থা করতে পেরেছে।