সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে একটি গুজব ছড়িয়ে পড়েছে। এই গুজবের ফলে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা এবং অভিনেতার শারীরিক অবস্থার ব্যাপারে নতুন প্রশ্ন উঠেছে।
ভাইরাল হওয়া একটি ফটোকার্ডে দেখা যায়, জ্যাকি চ্যানের একটি সাদাকালো ছবি এবং তার নিচে লেখা রয়েছে ‘১৯৫৪-২০২৬’, যেখানে দাবি করা হয়েছে যে ৭২ বছর বয়সী এই অভিনেতা মারা গেছেন। তবে, এই দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য কিংবা প্রমাণ নেই।
গত ২৯ সেপ্টেম্বর একাধিক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, জ্যাকি চ্যান বেঁচে আছেন এবং নিয়মিত জনসমক্ষে উপস্থিত হচ্ছেন। অভিনেতা বর্তমানে তার আসন্ন প্রজেক্টগুলো নিয়ে কাজ করছেন।
সামাজিকমাধ্যমে ছড়ানো ভুয়া পোস্টগুলো ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একটি বহুল প্রচারিত পোস্ট মাত্র ৫ ঘণ্টার মধ্যে ৩৮ লাখেরও বেশি ভিউ পেয়েছে।
জ্যাকি চ্যানের নাম এবং তার জন্ম-মৃত্যুর সাল সম্বলিত শোকবার্তার মতো ফটোকার্ডের কারণে এই ভুয়া মৃত্যুর খবর ছড়িয়েছে। আন্তর্জাতিক তারকাদের নিয়ে এমন ভুয়া মৃত্যুর গুজব প্রায়ই অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে।
সবশেষ জনসমক্ষে জ্যাকি চ্যানের উপস্থিতি ছিল গত ৭ জুলাই, যখন তিনি সিঙ্গাপুরের একটি পাবলিক স্কুল পরিদর্শন করেন। সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, লিম ফ্যামিলি ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি ৯০০’র বেশি শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন।
জ্যাকি চ্যানের ক্যারিয়ার ছয় দশকেরও বেশি সময় ধরে চলছে এবং তিনি ‘রাশ আওয়ার’, ‘পুলিশ স্টোরি’ ও ‘ড্রাঙ্কেন মাস্টার’-এর মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কারাতে কিড: লিজেন্ডস’ সিনেমায় তাকে দেখা গেছে।