ঢাকার খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রাম, ক্যান্সারের সঙ্গে অসম লড়াই, আশা-ভালোবাসা আর কান্না-হাসির গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘হাওয়ার গাড়ি’। চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমান ছবিটির ফাইনাল কাট সম্পন্ন করেছেন এবং নতুন বছরের শুরুতেই মুক্তির প্রস্তুতি চলছে।
ভিলা দু সিনেমার ব্যানারে নির্মিত এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, ফজলুল হক, আয়মন শিমলা, ইয়াশফা তাসনিয়া মল্লিক, ওমর ফারুক, থ্রিধা পাল মান ও শব্দ। সোহেল রহমান জানান, বিয়ের এক মাস পর স্ত্রীর ক্যান্সার ধরা পড়লে তাকে বাঁচাতে ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রায় এক বছর চিকিৎসার জন্য লড়াই করেন। চলতি বছরের মার্চে তার স্ত্রী ক্যান্সারের কাছে হার মানেন।
নির্মাতার নিজের জীবনের এই কষ্টকর অভিজ্ঞতা ছবির গল্পের সঙ্গে মিলে গেছে, তবুও এটি ঢাকা শহরের অসংখ্য সংগ্রামী মানুষের জীবনকে তুলে ধরে। ছবির প্রায় সব চরিত্রই জীবনের যুদ্ধে ক্ষতবিক্ষত, তবে সবাই মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে।
স্বল্প সময় ও সীমিত বাজেটের মধ্যে ছবিটির কাজ সম্পন্ন হয়েছে। এপ্রিল-মে মাসে স্ক্রিপ্ট, লোকেশন, কাস্ট ও ক্রু চূড়ান্ত করা হয় এবং জুনে ঢাকায় শুটিং শেষ হয়। জুলাইয়ে পর্তুগাল ও স্পেনে এডিটিং শুরু হয়। টানা চার মাসের কাজ শেষে নভেম্বরে ফাইনাল কাট প্রস্তুত হয়েছে।
নির্মাণদলের অধিকাংশ সদস্য নির্মাতার শিক্ষার্থী। দেশের গুণী ও মেধাবী শিল্পীরা আগ্রহ নিয়ে কাজ করেছেন। ছবির চিত্রনাট্য ও পরিচালনা থেকে শুরু করে প্রযোজনা ও সম্পাদনা করেছেন সোহেল নিজেই। প্রধান চিত্রগ্রাহক ছিলেন শারাফাত আলী শওকত। ছবির পোস্টার ডিজাইন করেছেন বেলজিয়ান-পর্তুগিজ গ্রাফিক্স ডিজাইনার মিকা বারেতো।
নির্মাতা তার প্রয়াত স্ত্রীর নামে গঠনের প্রক্রিয়াধীন ‘ডা. সামরিনা তানহা ক্যান্সার ফাউন্ডেশন’-এর জন্য এবং ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে ‘হাওয়ার গাড়ি’ বিশেষ অবদান রাখবে বলে বিশ্বাস করেন। নতুন বছরের শুরুতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে, তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।