বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

অস্কারের দৌড়ে ‘রামায়ণ’, বক্স অফিসে রেকর্ড আয়

‘রামায়ণ’ বক্স অফিসে সাফল্য অর্জনের পর অস্কারের দৌড়ে অংশ নিল।

অস্কারের দৌড়ে ‘রামায়ণ’, বক্স অফিসে রেকর্ড আয়

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’ এখন বক্স অফিসে সাফল্যের পর অস্কারের মঞ্চে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামল। নির্মাতারা ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সিনেমাটি জমা দিয়েছেন।

ভারতের আনুষ্ঠানিক অস্কার মনোনয়ন না পেয়েও ছবিটি কীভাবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে মারাঠি সিনেমা ‘গোন্ধল’।

তবে ‘রামায়ণ’-এর নির্মাতারা অস্কারের সাধারণ বিভাগে প্রতিযোগিতার সুযোগ নিতে চান। সাধারণ বিভাগে বিবেচিত হতে হলে সিনেমাটিকে যুক্তরাষ্ট্রের নির্ধারিত কিছু অঞ্চলে অন্তত সাত দিন প্রদর্শিত হতে হবে।

যোগ্যতাসম্পন্ন অঞ্চলগুলোর মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, শিকাগো, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়া এবং ডালাস-ফোর্ট ওর্থ। প্রদর্শনীর তথ্য ও কলাকুশলীদের বিস্তারিত বিবরণ সহ আবেদন জমা দিতে হবে।

অন্যদিকে, আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য প্রতিটি দেশ থেকে একটি সিনেমা আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়। নাগা ভাষার সিনেমা ‘আং’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়ে এই বিভাগে যোগ্যতা অর্জন করেছে।

এদিকে, ‘রামায়ণ’ বক্স অফিসেও সাফল্য ধরে রেখেছে। ৫ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি ষষ্ঠ দিন পর্যন্ত ভারতে ৪০৩ কোটি ৯৫ লাখ রুপি আয় করেছে এবং বিশ্বব্যাপী আয় প্রায় ৬৭৩ কোটি ৯০ লাখ রুপি।

তবে আবেদন জমা দেওয়া মানেই চূড়ান্ত মনোনয়ন নয়। অ্যাকাডেমির যোগ্যতার শর্ত ও বাছাইপ্রক্রিয়া পেরিয়ে ‘রামায়ণ’ মনোনয়ন পায় কি না, সেটিই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন