অবশেষে নিখোঁজ চিত্রনায়িকা মেঘলা মুক্তার বাবা মিজানুর রহমান দুলালের খোঁজ মিলেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার একটি ক্লিনিক থেকে তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। এই তথ্য নিশ্চিত করেছেন মেঘলা মুক্তা নিজেই।
মেঘলা মুক্তা জানান, বাবাকে খুঁজে পেতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছিলেন। সেই পোস্ট দেখে এক ব্যক্তি ক্লিনিকে ফোন করে বাবার সন্ধান দেন। পরিবারের সদস্যরা ক্লিনিকে গিয়ে মিজানুর রহমানকে শনাক্ত করেন।
বর্তমানে মিজানুর রহমান কথা বলতে পারছেন না। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে। ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে সেখানে রেখে যান এবং তাঁর মুখ দিয়ে ফেনার মতো কিছু বের হচ্ছিল।
মিজানুর রহমান সোমবার রাত আটটার দিকে উত্তরখান থেকে বসুন্ধরার বাসার উদ্দেশে রওনা হন। রাত ৮টা ৫০ মিনিটে তাঁর মেয়ের সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাতের বেলা বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে উত্তরখান থানায় সাধারণ ডায়েরি করা হয়।
মেঘলা মুক্তা বাংলাদেশের পাশাপাশি ভারতের তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সাকালা কালা ভাল্লাভুডু’, ‘পায়ের ছাপ’ ও ‘কাঠগোলাপ’।”