দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ফিরছে ভারতের জনপ্রিয় বাংলা স্ট্যান্ডআপ কমেডি শো ‘মীরাক্কেল’। সম্প্রতি ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলার ইনস্টাগ্রাম পেজে নতুন সিজনের অডিশনের প্রোমো প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে নতুন সিজনের সম্প্রচার শুরু হতে পারে। তবে এবারের আসরে কারা সঞ্চালনা ও বিচারকের দায়িত্বে থাকবেন, তা এখনও নিশ্চিত নয়।
ভারতে সেন্সরশিপ এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন বিধিনিষেধের কারণে কৌতুকনির্ভর অনুষ্ঠান নির্মাণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হতে পারে ‘মীরাক্কেল’ টিমকে। ফলে নতুন সিজনে মীর, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রোমো প্রকাশের পর থেকেই পুরোনো টিমকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন ‘মীরাক্কেল’-এর ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শকেরই মত, অনুষ্ঠানটির অন্যতম প্রধান আকর্ষণ ছিল এর পুরোনো টিম।
মীরের সঞ্চালনা এবং শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের বিচারকের আসনে থাকা— সব মিলিয়ে জমে উঠত হাস্যরসের এই আয়োজন। জি বাংলার পোস্টের মন্তব্যের ঘরেও দেখা যাচ্ছে দর্শকদের নানা অনুরোধ।
তবে মীরাক্কেলপ্রেমীদের সেই প্রত্যাশা পূরণ হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, ‘মীরাক্কেল’ ও মীর যেন দর্শকদের কাছে একে অপরের পরিপূরক। ২০২১ সালে শেষ বার প্রচারিত হয় ‘মীরাক্কেল’।
নতুন সিজনে পুরোনো টিমের সদস্যরা থাকবেন কি না, কিংবা তাদের ছাড়াই অনুষ্ঠানটি দর্শকদের মন জয় করতে পারবে কি না— সেসব প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে।