কলকাতার জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘দাদাগিরি’-র সঞ্চালক হিসেবে এবার দেখা যাবে অভিনেতা ও সাংসদ দেবকে। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
দেব নিজেই নতুন দায়িত্ব নেওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। একেবারে নতুন জার্নি শুরু করছি।’
দেব ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি শেয়ার করেছেন এবং জি বাংলাকেও ট্যাগ করেছেন। অনুষ্ঠানটির নতুন প্রোমোর শুটিংয়ের খবর প্রকাশিত হলেও সেই শুটিংয়ের ছবি বা ভিডিও এখনও প্রকাশ করা হয়নি।
দর্শকদের মধ্যে এই পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, সৌরভ গাঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তার পর দেব কী নতুন চমক আনতে পারবেন।
এদিকে, পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনে সাম্প্রতিক সময়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। জি বাংলার আরেক জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নতুন মৌসুমে দায়িত্ব পাচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।